দেশের গণমাধ্যমকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক পক্ষের প্রতি আনুগত্য কিংবা সরকারের প্রশংসায় সীমাবদ্ধ না থেকে সংবাদমাধ্যমকে সত্য ও বাস্তবতাকেই প্রাধান্য দিতে হবে।
সোমবার টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বার্তা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের কর্মপরিবেশ এবং শিল্পটির ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশ নেওয়া গণমাধ্যম প্রতিনিধিরা টেলিভিশন খাতকে একটি স্বতন্ত্র শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের বেতন কাঠামো বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।
সভায় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বশীল সাংবাদিকতা জনস্বার্থ রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় অগ্রযাত্রাকেও শক্তিশালী করবে।
বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ শিবলী জানান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখেই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কমিশন গঠনের বিষয়টি নিয়ে আগামী ১৮ জুন সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কী-ওয়ার্ডস: গণমাধ্যম স্বাধীনতা,তারেক রহমান,গণমাধ্যম কমিশন