প্রস্তাবিত বাজেটে কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নের কার্যকর দিকনির্দেশনা নেই-বিজিপি

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-০৬-১৫ ২০:২৭:৫৭
image

প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার বলেছেন, এই বাজেটে দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অর্থনৈতিক অবস্থার বাস্তব উন্নয়নের জন্য প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপের প্রতিফলন ঘটেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উৎপাদন ব্যয়ের বৃদ্ধি এবং কর্মসংস্থানের সংকটের মধ্যে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একটি জনকল্যাণমুখী ও গণমুখী বাজেট। কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই প্রত্যাশার যথাযথ প্রতিফলন দেখা যায়নি।
তিনি বলেন, কৃষকদের জন্য কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের আয় ও সামাজিক নিরাপত্তা জোরদারে আরও সুস্পষ্ট উদ্যোগ থাকা প্রয়োজন ছিল। একই সঙ্গে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর কর ও মূল্যস্ফীতির চাপ কমানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এম এ আলীম সরকার আরও বলেন, এ বাজেট ধনীক শ্রেণীর বাজেট। এ বাজেটে ধনীরা আরও ধনী হবে আর গরীবরা আরও গরীব হবে।  শ্রেণীবৈষম্য আরও বৃদ্ধি পাবে।  অর্থনৈতিক বৈষম্য কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই হওয়া উচিত ছিল বাজেটের প্রধান লক্ষ্য। কিন্তু প্রস্তাবিত বাজেটে সে ধরনের জনমুখী অগ্রাধিকার পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি।
তিনি সরকারকে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও জনকল্যাণভিত্তিক অর্থনীতি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।