নিরাপদ সড়কে নতুন অধ্যায়,সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১৫ ২০:১৫:৫৩
image

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস যন্ত্র স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, নিরাপত্তা জোরদার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস যন্ত্রের প্রয়োজনীয় কারিগরি মান ও নির্দেশনা সংস্থাটির নিজস্ব কার্যালয় কিংবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত মান অনুসারে যন্ত্র স্থাপন করতে হবে সংশ্লিষ্ট পরিবহন মালিকদের।
নতুন নির্দেশনা অনুযায়ী,কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও কার্যকর রয়েছে কি না, তা যাচাইয়ের পরই যানবাহনের নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।
সড়ক পরিবহন আইন,২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা,২০২২-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ।
প্রতিষ্ঠানটি আশা করছে, জিপিএস প্রযুক্তির বাধ্যতামূলক ব্যবহার চালু হলে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ সহজ হবে,দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

কী-ওয়ার্ডস: জিপিএস বাধ্যতামূলক,গণপরিবহন,বিআরটিএ