মোঃ জা মি য়া র র হ মা ন

  • আমরা নির্বোধ জাতি
  • ২০২৬-০৬-১৫ ১৫:২৬:০৪
image

​আমরা নির্বোধ জাতি,
অন্ধকারে হাতড়ে বেড়াই, 
নিভিয়ে নিজের বাতি।
সোনার খনি পায়ে ঠেলে কাচ কুড়াতে যাই,
ইতিহাসের পাতায় কেবল নিজের নিন্দা গাই।
শত শহীদের রক্তে কেনা যে মুক্ত আকাশ,
সেথায় আজো বিষিয়ে ওঠে চাটুকারের শ্বাস!
​স্বার্থের টানে ভাই ভুলে যাই, 
পরকে করি আপন,
নিজের ঘরে আগুন জ্বেলে করি অকাল যাপন।
জ্ঞানী যে জন মস্তক নোয়ায়,
মূর্খ করে চিৎকার,
আমরা তাদের পিঠ চাপড়াই,
 এই তো চমৎকার!
ন্যায়ের কথা বলতে গিয়ে গুণীজন পায় লাঞ্ছনা,
মিথ্যের বেসাতি করে মূর্খরা পায় বন্দনা।
​ত্যাগের নামে মেতে উঠি মেকি মোহের ছলে,
সত্য কথা হারিয়ে যায় মিথ্যে কথার দলে।
অতীত থেকে শিখি না কিছু, ভবিষ্যৎও অন্ধ,
নিজের পায়ে কুড়াল মারাই আমাদের মূল ছন্দ।
পরের কথায় নাচতে গিয়ে হারাই নিজের ঘর,
আপন মানুষ দূরে ঠেলে পরকে ভাবি বর।
​চেতনা আমাদের ঘুমিয়ে থাকে, জাগে কেবল স্বার্থে,
জীবনটাকে সস্তা করি অতি সস্তা অর্থে।
অধিকারের লড়াই ছেড়ে মোরা সঁপি দাসত্বে,
চোখ বুজে সব গিলে খাই, চলি না তো সত্যে।
লোভের হাটে বিকিয়ে দেই বিবেক-বুদ্ধি-জ্ঞান,
পরাজয়ের গান গেয়ে ভাবি বাড়ছে বুঝি মান!
​তবুও বুকে আশা জাগে,
 ভাঙবে এই তো রাত,
কোনো একদিন ফিরবে আলো, ঘুচবে নির্বুদ্ধিতার আঘাত।
ঘুমন্ত এই বিবেক জাতি জাগবে নতুন ভোরে,
সত্য-ন্যায়ের নতুন সূর্য উঠবে আলো করে।