বিমানবন্দর-জয়দেবপুর বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১৪ ২৩:০৬:১২
image

রাজধানী ও গাজীপুরের মধ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি করিডরের বাস্তবায়ন অগ্রগতি,পরিচালন পদ্ধতি এবং সম্ভাব্য জনসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রকল্পটির বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিষয় নিয়ে বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন। বিশেষ করে রুটের নকশা,স্টেশন ব্যবস্থাপনা,যাত্রীসেবার মান, পরিচালন কাঠামো এবং সেবার কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে নানা সুপারিশ উপস্থাপন করা হয়।
সভায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বিআরটি চালুর মাধ্যমে রাজধানী ও গাজীপুর অঞ্চলের যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত,নিরাপদ ও সময়সাশ্রয়ী করার সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান।
এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

কী-ওয়ার্ড: বিআরটি প্রকল্প,বিমানবন্দর-জয়দেবপুর,গণপরিবহন,তারেক রহমান,গাজীপুর।