তুমি কি জানো অনুপম?
নিঃসঙ্গতারও সঙ্গ থাকে কিছু
নিস্তব্ধতারও থাকে অজস্র সরব আকুতি
এই তো যখন; তুমি নেই অথবা কেউ থাকেনা কোথাও
মনেহয় চারিধারে শূণ্যতার হাহাকার
অথচ বোধের অন্তঃপুরে অনন্ত কোলাহল
চেনা জানা মানুষের আনাগোনা
একান্তে গোপন আড্ডা অনিবার।
তুমি কি জানো সময়ের টানে যতই হাঁটো সম্মুখে
পেছনে কেমন টানে স্মৃতির দ্যোতনা
ফেলে আসা সুরে মন্থিত হৃদয়
চোখের পাতায় নামে অথৈ পাথার।
যতই বলো সায়াহ্নবেলা সঙ্গিহীন
যাপিত জীবনের নিঃসঙ্গতার পারাপারে
আসে না কেউ আর হাতটি বাড়ায়ে
অথচ অনুভবের অতলান্তে তুমি আছ
সবাই থাকে
ছুঁয়ে ছুঁয়ে যায় আসা-যাওয়ার ভীরে।