টিএফআই সেলে গুম-নির্যাতনের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২২ জুন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১৪ ২১:২৬:১৪
image

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন মামলাটিতে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের একজন আইনজীবীর মৃত্যু এবং অপর একজনের অসুস্থতার কারণে সময় চেয়ে আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে মামলার সাক্ষ্যগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম উদয়সহ অন্যান্য আইনজীবীরা।
এর আগে গত ১৯ এপ্রিল মামলার একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। পরদিন ২০ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রথম দফার জেরা। সেই ধারাবাহিকতায় রোববার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
মামলার শুনানিকে কেন্দ্র করে সকালে গ্রেপ্তার ১০ আসামিকে ঢাকা সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
মামলার অপর অভিযুক্তদের মধ্যে পলাতক রয়েছেন শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশীদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খাইরুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান এ মামলাটি গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া আলোচিত মামলাগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে।

কী-ওয়ার্ড: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,টিএফআই সেল,গুম-নির্যাতন,শেখ হাসিনা,সাক্ষ্যগ্রহণ।