ইউএইতে আটক সাবেক আইজিপি বেনজীর,প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করছে সরকার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১৪ ১৭:২৪:০০
image

ঢাকা: দুর্নীতি ও অর্থপাচারসহ একাধিক মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সংসদে বিধি-৩০০ এর আওতায় দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, গত ১২ জুন আবুধাবিভিত্তিক ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এবং দেশটির ফেডারেল ক্রিমিনাল পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বাংলাদেশকে বেনজীর আহমেদের আটকের বিষয়টি অবহিত করা হয়েছে। বর্তমানে তিনি আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির প্রচলিত আইনে গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হয়। সেই সময়সীমা মাথায় রেখে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে ফৌজদারি আইন, দুর্নীতি দমন আইন, অর্থপাচার প্রতিরোধ আইন এবং পাসপোর্ট সংক্রান্ত আইনের আওতায় একাধিক মামলা চলমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আগে থেকেই ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছিল। জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি) ঢাকার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। ওই নোটিশের ভিত্তিতেই সংশ্লিষ্ট রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাকে শনাক্ত ও আটকের উদ্যোগ নেয়।
সরকারি সূত্র অনুযায়ী, প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় মামলা, তদন্ত প্রতিবেদন ও আদালতের নথিপত্র প্রস্তুত করছে। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব চূড়ান্ত করবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে আমিরাত সরকারের কাছে পাঠানো হবে।
সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি বলেন, এই ঘটনা দেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, অপরাধের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি তার পদমর্যাদা বা প্রভাবের কারণে আইনের আওতার বাইরে থাকতে পারবেন না।

কী-ওয়ার্ড: বেনজীর আহমেদ,প্রত্যর্পণ প্রক্রিয়া,ইউএই আটক