বর্ষার চিরন্তন রূপ, আমাদের জীবন-প্রকৃতি আর সংস্কৃতিতে এর গভীর প্রভাবকে উদযাপন করতে প্রতিবারের মতো এবারও বর্ণিল আয়োজনে সেজেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আগামীকাল ১লা আষাঢ় ১৪৩৩ (১৫ই জুন ২০২৬, সোমবার) সকাল ৭:৩০ মিনিটে ঢাকার বাংলা একাডেমির ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে বর্ষা উৎসব ১৪৩৩।
আষাঢ়ের প্রথম সকালে ওস্তাদ জাবীর ইমাম খান শাহী’র রাগ ‘মিয়া কি মল্লার’-এর সুরমূর্ছনায় শুরু হবে উৎসবের মূল আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এই আয়োজনে পরিবেশিত হবে বর্ষার গান, কবিতা আর নাচের মনোহরী সব পর্ব।
উৎসবের সাংস্কৃতিক পর্বে উদীচীর কেন্দ্রীয় সংগীত বিভাগ ছাড়াও সমবেত সংগীত পরিবেশন করবে উদীচীর উত্তরা ও ডেমরা শাখা। বিশিষ্ট রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী অনিমা রায়, মাহমুদুল হাসান, আবদুল ওয়াদুদ এবং বুলবুল ইসলামের কণ্ঠে থাকবে বিশেষ পরিবেশনা। লোকগানের সুরে শ্রোতাদের মুগ্ধ করবেন বিমান বিশ্বাস, বিথী ঘোষ, মায়েশা সুলতানা উর্বি, ওয়ার্দা আশরাফ, মীর সাখাওয়াত, হুমায়রা তাসিন, অদ্বয় স্যান্যাল আর্য ও জাকির হোসেন।
নৃত্যের ছন্দে উৎসবকে রাঙিয়ে তুলবে ফেরদৌস হোসেনের পরিচালনায় ‘বহর’ এবং অনিক বসুর পরিচালনায় ‘স্পন্দন’ নৃত্যদল। এছাড়াও কবিতা আবৃত্তিতে অংশ নেবেন দীপক সুমন, মৌমিতা জান্নাত, একরাম হোসেন ও সজীব তানভীর।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে ‘বর্ষা কথন ও আলোচনা’ পর্ব। এবারের বর্ষাকথন উপস্থাপন করবেন উদীচীর সহ-সাধারণ সম্পাদক কবি রহমান মুফিজ। বর্ষা কথনে অংশ নেবেন লেখক, গবেষক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। পুরো উৎসবটি যৌথভাবে সঞ্চালনা করবেন মৌমিতা জান্নাত, সজীব তানভীর, রুমি দে ও নাজমুল আজাদ।
নাগরিক জীবনের শত ব্যস্ততার মাঝে প্রকৃতির এই অনন্য উৎসবের আনন্দ ও দ্রোহের আয়োজনে শামিল হতে প্রকৃতিপ্রেমী মানুষদের সাদর আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি