নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও ‘সড়ক দুর্ঘটনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) শহরের আলমগীর হোসেন সিটি অডিটোরিয়ামে নিসচার জেলা সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সাধারন সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু. আ. লতিফ, এডভোকেট নাসিরউদ্দীন ফারুকী, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক,সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, সচেতন নাগরিক কমিটির সভাপতি স্বপন কুমার বর্মন, অ্যাডভোকেট হামিদা বেগম, নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম এমপি বলেন, কিশোরগঞ্জে যানবাহনের তুলনায় সড়কের পরিমাণ অপ্রতুল। ফলে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার বিভিন্ন উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেছে। কিশোরগঞ্জকে আধুনিক ও মডেল জেলায় পরিণত করতে পরিকল্পিতভাবে কাজ চলছে।
তিনি আরও বলেন, আঞ্চলিক ও মহাসড়কে ছোট যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন নিষিদ্ধ যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। জেলা পুলিশের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি, পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং সড়ক ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে নিসচার নবগঠিত জেলা কমিটির সদস্যদের পরিচিতি ও অভিষেক পর্ব অনুষ্ঠিত হয় এবং নিসচার চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চন এর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।