৯ জুলাই মাশহাদে দাফন করা হবে আলী খামেনিকে

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৬-০৬-১৩ ২৩:৩৮:০৩
image

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের তারিখ চূড়ান্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানে আগামী ৪ জুলাই থেকে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় বিদায়ী কর্মসূচি শুরু হবে। পরে ৭ জুলাই পবিত্র নগরী কোমে আরেকটি শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চে নির্ধারিত দাফন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।
প্রায় ৩৭ বছর ধরে ইরানের নেতৃত্বে থাকা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হন বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।
এদিকে খামেনির মৃত্যুর পর মার্চের শুরুতে তার ছেলে মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যে হামলায় আলী খামেনি নিহত হন, সেই ঘটনায় মোজতবা খামেনিও আহত হয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো জনসমক্ষে উপস্থিত হননি। বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক বার্তা তার নামে প্রকাশিত বিবৃতির মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। চলতি বছর দেশটি স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। একই দিনে তেহরানে খামেনির রাষ্ট্রীয় বিদায়ী কর্মসূচি শুরু হওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হচ্ছে।

কী-শব্দ: আলী খামেনি, মাশহাদ, ইরান