কথা ছিল আলো হব হয়ে গেছি ফুল
ডাকবে নাকি ফুলের ভাষায় -- চম্পা না পারুল !
কথা ছিল পাখি হব হয়ে গেছি মেঘ
মেলি পাখা আকাশ চূড়ায় নিয়ে ঝড়ের বেগ।
কথা ছিল আপন হব হয়ে গেছি পর
আসেনি কেউ শুধুই পেলাম আকাশ ও ভূধর।
কথা ছিল কাব্য হব হয়ে গেছি গান
সারা বুকে বাজে কেবল নদীর কলতান।
কথা ছিল নদী হয়ে যাবো বহুদূর
হারিয়েছি সেসব কথা তাই পেল না সুর।
কেউ রাখে না কোনো কথা যাচ্ছে কেটে দিন
কথা ছিল বলবো না আর থাক না কিছু ঋণ।