আমি যাকে ভালোবাসি
তুমি নাও বাসতে পারো
যাতে আমার খুব অরুচি
তুমি কেবল সে ধার ধারো!
আমি চলি ডানের পথে
তোমার পথটি জন্ম বামে
আমি অল্প কথার মানুষ
কথায় তোমার ফেনা জমে।
মিষ্টান্ন যত আছে
সবই আমি গোগ্রাসে খাই
তোমার আবার টক ঝালেতে
আনন্দের সব উৎসখানাই!
লেখাপড়ায় নেইকো জুড়ি
তোমার দেখি সব পাড়াতে
আমি আবার পড়া দেখলে
পালিয়ে বেড়াই দিনে-রাতে।
মোদ্দা কথা আমরা দুজন
দুজন থেকে খুব আলাদা
তারপরেও দুজন মিলে
গল্প করি গাদা গাদা।
জগত জুড়ে এমনি সকল
বিভেদেরই তালবাহানা
বিভেদ নিয়ে হুড়োহুড়ি
বিভেদে সব জীবন ফানা।
এক খোদারই সৃষ্টি সবাই
একই খোদার নামের 'পরে
সেসব কথা ভুলে মানুষ
বিভেদেরই পাহাড় গড়ে!
ধর্মে বিভেদ,কর্মে বিভেদ,
বিভেদেরই রকমফেরে
মানবতা আজ দুনিয়ায়
মাথা কুটে কেঁদে মরে।
এতো এতো অসংগতি
তবুও তুমি অনেক প্রিয়
তুমিও বন্ধু এমনি করে
আমায় ভালোবাসা দিও...