কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হবে ৬ লেন, লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতে উদ্যোগ

  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৬-০৬-১৩ ২২:০০:০৭
image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে লবণচাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার শিগগিরই মূল্য নির্ধারণের উদ্যোগ নেবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন।
তিনি বলেন, গত ২৫ বছরে কক্সবাজারের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহুগুণে বেড়েছে। অদূর ভবিষ্যতে মাতারবাড়ী বন্দর চালু হলে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার প্রসার আরও বৃদ্ধি পাবে। সেই বাস্তবতায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে অন্তত ছয় লেনে উন্নীত করা প্রয়োজন। তিনি জানান, প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
লবণখাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের লবণচাষিরা দীর্ঘদিন ধরে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে সরকার নির্ধারিত মূল্য কাঠামো প্রণয়নের কাজ করছে, যাতে কৃষকরা তাদের উৎপাদনের সঠিক মূল্য পান।
সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি জনগণমুখী ও কল্যাণধর্মী বাজেট। বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের ফলে সাধারণ মানুষের ওপর চাপ কমবে। বাজেট ঘোষণার পর বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি না হওয়াকে তিনি সরকারের নীতির ইতিবাচক ফল হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জন্য পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করা হবে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার পরিবারকে এসব সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

কী-শব্দ: কক্সবাজার মহাসড়ক,লবণচাষি,তারেক রহমান