পিছিয়ে থেকেও দাপুটে প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-১৩ ১২:০২:৫০
image

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই লড়াকু মানসিকতার পরিচয় দিল দক্ষিণ কোরিয়া। এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে এশিয়ার প্রতিনিধিরা। দীর্ঘ ১৬ বছর পর আবারও জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কৃতিত্ব দেখাল কোরিয়ানরা।
মেক্সিকোর গুয়াদালহারার সাপোপানে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।
কোরিয়ান অধিনায়ক সন হিউং-মিন কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে সফল হতে পারেননি। অন্যদিকে চেক প্রজাতন্ত্র বেশিরভাগ সময় নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। ফলে বিরতিতে কোনো দলই গোল করতে পারেনি।
বিরতির পরও দক্ষিণ কোরিয়ার চাপ অব্যাহত থাকলেও ম্যাচের ৫৯তম মিনিটে উল্টো এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির চৌফালের লম্বা থ্রো থেকে অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
হঠাৎ গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। এর ফলও পেতে বেশি সময় লাগেনি। ৬৭তম মিনিটে লি গাং-ইনের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান হোয়াং ইন-বম।
সমতায় ফেরার পর ম্যাচের গতি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় কোরিয়ানরা। ৭৭তম মিনিটে চেক প্রজাতন্ত্র আবারও জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
এর তিন মিনিট পরই আসে ম্যাচের নিষ্পত্তি। ইন-বমের চমৎকার পাস ধরে শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন ওহ হিউন-গিউ। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে কোরিয়ানরা।
পরিসংখ্যানেও ছিল দক্ষিণ কোরিয়ার স্পষ্ট আধিপত্য। ম্যাচের ৬২ শতাংশ সময় বল তাদের নিয়ন্ত্রণে ছিল। প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।
এই জয়ে ‘এ’ গ্রুপে শুভ সূচনা করল দক্ষিণ কোরিয়া। আগামী ১৯ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। অন্যদিকে ১৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।

কী-শব্দ: দক্ষিণ কোরিয়া, বিশ্বকাপ ফুটবল, চেক প্রজাতন্ত্র