ভাঙা গড়ার খেলা নদী
খেলিস চিরকাল,
এক ভাঙনে জীবন আমার
হইলো বেসামাল,
মন ভেঙেছে মনের মানুষ
তাই ভেঙেছে আশা,
সেই ভাঙনে ভেসে গেছে
আমার ভালোবাসা।
নদী কূল ভেঙে তুই বুকের মাঝে
গড়িস বালুচর,
গড়লো না সে কিছুই বুকে
ভেঙে মনের ঘর,
অসীম আঁধার জমলো বুকে
হারায় পথের দিশা,
সেই ভাঙনে ভেসে গেছে
আমার ভালোবাসা।
নদী ঢেউ তুলে তুই জোয়ার ভাটা
চলিস চিরকাল,
ছিঁড়লো সে তো দুঃখের ঝড়ে
আশার রঙিন পাল,
তাই তো এমন নিঃস্ব হয়ে
অথৈ জলে ভাসা,
সেই ভাঙনে ভেসে গেছে
আমার ভালোবাসা।