অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস,প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-১১ ২৩:৪০:৪৬
image

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
বৃহস্পতিবারের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে সফরকারীরা। বৃষ্টির আগে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে তারা। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের সামনে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।
অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই তিন ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০২৪ ম্যাচের ইতিহাসে এই প্রথম শূন্য রানে তিন উইকেট হারানোর বিব্রতকর রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
নতুন বলে দুর্দান্ত আক্রমণ চালান তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের মতো এবারও ম্যাথু শর্টকে দ্রুত ফিরিয়ে দেন তাসকিন। এরপর কুপার কনোলি ও ম্যাট রেনশকে সাজঘরে পাঠিয়ে অস্ট্রেলিয়ার শুরুর বিপর্যয় আরও বাড়িয়ে দেন মোস্তাফিজ।
মধ্যভাগে অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ৮১ রানে ৬ উইকেট হারানোর পর জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন সপ্তম উইকেটে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। তবে শেষ দিকে আবারও আঘাত হানে বাংলাদেশের বোলিং ইউনিট।
বাংলাদেশের হয়ে তাসকিন ও মোস্তাফিজ তিনটি করে উইকেট শিকার করেন। স্পিনার তানভীর ইসলাম নেন দুটি উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন তানজিদ হাসান তামিম। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত মিলে দলের ইনিংস মেরামতের দায়িত্ব নেন। দ্বিতীয় উইকেটে তাদের ৮৬ রানের জুটি বাংলাদেশের ভিত্তি গড়ে দেয়।
সৌম্য ৪২ রান করে ফিরলেও শান্ত খেলেন আরেকটি দায়িত্বশীল ইনিংস। ৪২ রান করার পথে ওয়ানডে ক্যারিয়ারে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের হয়ে দ্রুততম দুই হাজার রান সংগ্রাহকদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে আসেন এই বাঁহাতি ব্যাটার।
লিটন দাস কিছুটা ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ২১ রান করে ফিরে যান তিনি। পরে মোসাদ্দেক হোসেনও কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলে ১৪৪ রানে দলের পঞ্চম উইকেট হারানোর আগে বিদায় নেন।
তবে শেষ দিকে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে লক্ষ্য অতিক্রম করে বাংলাদেশ। পাঁচ উইকেটের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মিরপুর। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নও বাস্তবে রূপ নেয়।

কী-শব্দ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ওয়ানডে সিরিজ, ঐতিহাসিক জয়