ইপিআই কর্মসূচির টিকা কিনতে ৪১২ কোটি টাকার বেশি ব্যয়ের অনুমোদন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১০ ১৭:২০:৫৬
image

দেশব্যাপী শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের চাহিদা বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগ টিকা সংগ্রহের প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবটি পর্যালোচনা শেষে কমিটি অনুমোদন প্রদান করে।
সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হবে। এর মাধ্যমে নির্ধারিত সময়ে টিকা সরবরাহ নিশ্চিত করা এবং দেশের সব এলাকায় টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ ক্ষেত্রে ক্রয় ও সরবরাহ—উভয় দায়িত্ব পালন করবে। আন্তর্জাতিক এই সংস্থার মাধ্যমে টিকা সংগ্রহের ফলে গুণগত মান বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থায় ধারাবাহিকতা নিশ্চিত করা সহজ হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
তাদের মতে, শিশুদের টিকাদান কভারেজ ধরে রাখা, প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি কমানো এবং জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে এই ক্রয় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে শিশুস্বাস্থ্য সুরক্ষায় ইপিআই দীর্ঘদিন ধরে অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি হিসেবে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে নবজাতক ও শিশুদের বিভিন্ন সংক্রামক এবং প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়।

কী-শব্দ: ইপিআই, টিকা ক্রয়, ইউনিসেফ