ঋতুপর্ণার নতুন ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর সহায়তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৯ ২১:১৩:৫৩
image

জাতীয় নারী ফুটবল দলের অন্যতম আলোচিত খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বসতবাড়ি নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
ঋতুপর্ণা ও তার পরিবারের প্রতি সহায়তার বিষয়টি নতুন নয়। এর আগে ২০২৫ সালে তার ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা পৌঁছে দেন।
বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যের পেছনে ঋতুপর্ণা চাকমার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা রাখেন। পাশাপাশি ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন ঋতুপর্ণা চাকমা। তার সাফল্যের গল্প আজ দেশের অসংখ্য উদীয়মান নারী ফুটবলারের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

কী-শব্দ: ঋতুপর্ণা চাকমা,নারী ফুটবল,অনুদান