টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কা নিহত ৪

  • আব্দুস সাত্তার,প্রতিনিধি টাঙ্গাইল:
  • ২০২৬-০৬-০৯ ১৯:৩২:১১
image

প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলেে সখিপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোররাত ৪টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের উপজেলার কালিয়া ঘোনারচালা নামকস্থানে  এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন—জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে নূরনবী (৬৪) (চালক), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পলাশ মিয়ার ছেলে রফিকুল (১৮) (হেলপার), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদ মিয়ার ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। নিহতদের সবাই মুরগির গাড়িতে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজারের কাছে একটি ট্রাকে বাঁশভর্তি করা হচ্ছিল। এ সময় বড়চওনা থেকে ছেড়ে আসা একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন দিক থেকে সাজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজন নিহত হন।
এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের কর্মী জহিরুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জহিরুল ইসলাম ঘাটাইল উপজেলার লক্ষীনদর এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।
সখীপুর থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.আল মামুন জানান, দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে  মুরগিবাহী একটি পিকআপ পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।