গী ত শ্রী সি ন হা

  • শব্দজননী আত্মীকা
  • ২০২৬-০৬-০৯ ১৯:২৯:০৮
image

দৃশ্যটি এই রকম... 
শূন্য কিন্তু মগ্ন হয়ে ওঠে -----
শব্দের শ্লোগানে মুখরিত চারিদিক, সাহিত্য মাতা নাকি রুষ্ট !  তাৎক্ষণিক ভাবে হতবিহ্বল হয়ে ওঠে আত্মিকা। সে বিশ্বাস করে, আত্মার মাধ্যমে শব্দের সাথে তার যোগ...  ভেঙেচুরে লণ্ডভণ্ড করতে থাকে নিজেকে... ঘেঁটে যায় রূঢ় বাস্তব ! বিদঘুটে কার্টুন চরিত্র সামনে এসে দাঁড়ায় ! হাটে-বাজারে সেলে সস্তায় বিক্রি হয় পচন ধরা শব্দের পসরা। যেন মাছহীন বাঙালির ভাতের থালা! শব্দের গায়ে ভেজাল তেলের গন্ধ... শব্দরা আজ কাঁটা ছাড়ানো মাছের মতো সাঁতরে গ্যাছে অন্ধকারে। শব্দের গভীরে কিছু তছনছ মুহূর্ত, অক্ষর আছড়ে ফেলে চুরমার হয় সৌধ মিনার। যতটুকু চোখ ফেটে জল আসে, আত্মিকা সবটুকু শুষে নিয়ে আগুনের স্রোতে ঢেলে দেয়... যেন শব্দহীন অনন্ত বৈভব ! 
শব্দের কবজি আর কনুইয়ের সংযোগস্থলে সুগন্ধি  স্প্রে করে দিলেই পোড়া শব্দের গায়ে জাত বদলের মর্যাদা লেপ্টে যাবে । গর্বিত মা আত্মিকা,  শব্দের জন্ম দেওয়ার আনন্দে প্রণালী ভাবতে থাকে... 
চার ড্রপ ল্যাভেন্ডা মাখা শব্দ, চার ড্রপ পাতিলেবুর রসে ভেজানো শব্দ, এক থেকে দুই ড্রপ কমলার রসে ম্যারিনেট করা শব্দ... আরও আছে জুঁই -চন্দন মাখা,জবা বা বাদাম তেল মাখিয়ে বিশুদ্ধ সুগন্ধি শব্দ সাঁতরে জাতে উঠেছে... 
 চুপ !
 চেঁচিয়ে উল্লাস করো না ---
 নিজের ঠোঁটের উপর আঙুল ঠেকায় আত্মিকা। 
বাঃ একটা স্বস্তির নিঃশ্বাস অজান্তেই চলে আসে আত্মিকার মগজে। মুচকি হেসে ভাবে, এবার আর সপাটে কেউ কুলুপ এঁটে দিতে পারবে না ! গৃহদেবতার পায়ে মাথা ঠেকিয়ে কুড়িয়ে পাওয়া শব্দরা যজ্ঞের আগুনে মেধা - সুন্দরী- লাস্যময়ী শব্দের সারিতে ফ্যাশন শো - এর বিজ্ঞাপনে মনোনীত... 
সমবেত বিচারক মণ্ডলীর করতালিমুখর স্লোগানে ঘুম ভেঙ্গে যায় আত্মিকার ... দ্যাখে ক্যাট ওয়ার্করত... র‍্যাম্পে চূড়ান্ত সাহিত্যের আসর... 
ভ্রষ্ট হয়ে নষ্ট শব্দ জাতে উঠেছে আজ...