হজ শেষে দেশে ফিরেছেন ৪৫ হাজারের বেশি হাজি,মৃত্যু ৪৯

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৬-০৯ ১০:৪২:০৬
image

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন ৪৫ হাজার ১৫৮ জন হাজি। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০৫টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন। ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
দৈনিক হজ বুলেটিনে জানানো হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩ হাজার ৫১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪১ হাজার ৬৪৭ জন।
ফিরতি ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ৪৩টি ফ্লাইটে ১৭ হাজার ৭৫৮ জন হাজিকে দেশে নিয়ে এসেছে। একই সংখ্যক ফ্লাইট পরিচালনা করে সৌদি এয়ারলাইনস ফিরিয়েছে ১৭ হাজার ৩৪৫ জনকে। অন্যদিকে ফ্লাইনাস ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজিকে পরিবহন করেছে।
এদিকে হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। মৃত্যুবরণকারীদের অধিকাংশের মৃত্যু হয়েছে মক্কায়। সেখানে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ১১ জন বাংলাদেশি হাজি চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাবা নিয়েছেন ৪০১ জন হজযাত্রী।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে গত ১৮ এপ্রিল, আর শেষ ফ্লাইট ছিল ২১ মে।
ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত দেশে ফেরার কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, অবশিষ্ট হাজিরাও নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে দেশে ফিরতে পারবেন।

কী-ওয়ার্ড: হজযাত্রী,ফিরতি ফ্লাইট,সৌদি আরব,হাজি প্রত্যাবর্তন, হজ বুলেটিন