ছোট্ট থেকেই আকাশ দেখার বড্ড আমার সখ
আকাশপানে চেয়ে দেখতাম কত অবয়ব।
মা আসত এক হাঁকেতে হন্তদন্ত হয়ে,
আমি বলতাম...আসতে এসো মাগো রয়ে সয়ে।
ঐ দেখো মা ঠিক যেন না পক্ষীরাজের ঘোড়া!
মা হেসে বলত আরে দাঁড়া... দাঁড়া!
হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে হুম.. ঠিক- তাইতো!
আমার চোখে ধরা পড়েনা, কেন যে তা বলতো?
মাকে ভীষণ জড়িয়ে নিয়ে ...এতো তোমার কাছেই শেখা
তোমার সকল গল্পকথা আমার মনে গাঁথা।
এমনি করেই যখন তখন সকাল সাঁঝে ডেকে
খেলার ছলে আকাশ জুড়ে মন ভাসাতাম সুখে ।
আজ আমি আছি,আকাশ আছে, কল্পেরও আনা গোনা
শুধু যতই ডাকি যতই হাঁকি
মায়ের সারা আর মেলেনা।
কেউ বলেনা ঠিক দেখেছিস, ওই যে হোথায় দূর পাহাড়ে
সিংহ রাগে এদিকে ওদিক কেমন যেন কেশর নাড়ে,
হ্যাঁ রবিঠাকুরও যাচ্ছে দেখা
দিব্যি তো ঐ মেঘেই আঁকা।
এখন ঐ আকাশে মাকে দেখি
রোজ শত গল্প লিখি।
আকাশ জুড়ে মায়ের আঁচল আমায় ভীষণ টানে
মায়ের কোলে কবে শোবো কেইবা সেটা জানে!!