কোরআন শরীফে চুমু দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইরানের,আলোচনায় ফুটবলারদের আবেগঘন মুহূর্ত

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-০৭ ২২:০১:০২
image

বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে উত্তর আমেরিকার পথে যাত্রা শুরু করেছে। তবে বিশ্বমঞ্চে পা রাখার আগে ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিয়েছে ইরান জাতীয় ফুটবল দল।
বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার আগে পবিত্র কোরআন শরীফে চুম্বন করে যাত্রা শুরু করেছেন দেশটির ফুটবলাররা। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং লাখো মানুষের দৃষ্টি কাড়ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জাতীয় দলের খেলোয়াড়রা একে একে কোরআন শরীফে চুমু দিয়ে দোয়া কামনা করছেন। এ সময় আশপাশে উপস্থিত সমর্থকেরা জাতীয় পতাকা হাতে দলকে শুভকামনা জানান এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
পরে দলটি বাসযোগে বিমানবন্দরে পৌঁছে বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করে।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণের আগে ভিসা-সংক্রান্ত জটিলতা নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিল ইরান। তবে শেষ পর্যন্ত সেই বাধা কাটিয়ে খেলোয়াড় ও কর্মকর্তারা প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।
বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করছিল ইরান। সেখান থেকেই দেশটির প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসার আবেদন করে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তবে সব আবেদন অনুমোদিত হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপ প্রতিনিধি দলের অন্তত ১৫ সদস্য ভিসা পাননি। যদিও জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা তৈরি হয়নি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। এরই মধ্যে ইরান দল মেক্সিকোতে পৌঁছেছে। তবে গ্রুপ পর্বে তাদের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে।
ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় আবেগকে সঙ্গে নিয়েই এবার বিশ্বকাপ অভিযানে নামছে ইরান। কোরআন শরীফে চুম্বন করে ফুটবলারদের যাত্রা শুরু বিশ্বজুড়ে বহু মুসলিম সমর্থকের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।

কী-ওয়ার্ডস: ইরান ফুটবল,বিশ্বকাপ যাত্রা,কোরআন শরীফ