বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হলো। অ্যাডহক কমিটির নেতৃত্বে দুই মাস দায়িত্ব পালনের পর এবার নির্বাচিত সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব গ্রহণ করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
রোববার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন তামিম। পরে পরিচালকদের সমর্থনে তিনি বোর্ডের ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। একক প্রার্থী হিসেবেই সভাপতি নির্বাচিত হন দেশের অন্যতম সফল এই ওপেনার।
একই সঙ্গে বিসিবির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। ক্লাবভিত্তিক ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী।
নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে সবার শীর্ষে থাকেন তামিম ইকবাল। ৭২ ভোট করে পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান সংগ্রহ করেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।
এছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম প্রত্যেকে ৬৬ ভোট লাভ করেন। আসিফ রাব্বানি পান ৬৪ ভোট, ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম পান ৪১ ভোট।
নির্বাচনে বিজয়ী অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচিত হতে পারেননি মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।
ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন মাঠ মাতানোর পর এবার প্রশাসনিক দায়িত্বে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তামিম ইকবাল। দেশের ক্রিকেটের উন্নয়ন, ঘরোয়া কাঠামো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যাশা থাকছে তার নেতৃত্বের প্রতি।
কী-ওয়ার্ডস: তামিম ইকবাল,বিসিবি নির্বাচন,ক্রিকেট প্রশাসন