হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি,সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৬ ১৪:৪৪:৪৯
image

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম পুরোদমে চলছে। এখন পর্যন্ত ৭৮টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হজযাত্রী। একই সময়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪৮ জন বাংলাদেশি হাজি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৯ হাজার ৫০৪ জন।
বিভিন্ন বিমান সংস্থার মাধ্যমে দেশে ফেরত আসা হাজিদের সংখ্যা হলো-

বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ১১ হাজার ৫৭৯ জন
সৌদি এয়ারলাইনস: ১২ হাজার ৫৫৯ জন
ফ্লাইনাস: ৭ হাজার ৭০০ জন
অন্যান্য বিমান সংস্থা: ৯৯৪ জন
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারিত ছিল।
অন্যদিকে, সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা ও সেবামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত হজ মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে ৫৭ হাজার ২০২টি ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্রের মাধ্যমে ২৬ হাজার ৩৫টি সেবা দেওয়া হয়েছে।
হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে তাদের মধ্যে ২৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট চলবে এবং ওই দিন শেষ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ ফেরত কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

কী-ওয়ার্ড:হজযাত্রী,ফিরতি ফ্লাইট,হজ মিশন