পদ্মায় তলিয়ে গেল বাস, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

  • রাজবাড়ী প্রতিনিধি
  • ২০২৬-০৬-০৫ ১৩:৩০:২৭
image

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে শেষ মুহূর্তে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী জাহাজের সহায়তায় দুপুরের দিকে নদী থেকে বাসটি তুলে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় উপস্থিত কয়েকজন বাসের যাত্রীদের আগে নামিয়ে দেওয়ার পরামর্শ দেন। নির্দেশনা অনুযায়ী সব যাত্রী নেমে যান। বাসে তখন শুধু চালক, সহকারী ও সুপারভাইজার ছিলেন।
ফেরিতে ওঠার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চালক শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও সেটি সামাল দিতে পারেননি। একপর্যায়ে ঘাটের র‌্যাম ভেঙে বাসটি সোজা পদ্মার পানিতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। নদীতে পড়ে যাওয়া তিন কর্মীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের দৌলতদিয়া ঘাট শাখার কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি নদী থেকে তুলে আনা হয়।
তারা আরও জানান, যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল বলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অন্যথায় হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারত।
ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ফেরিঘাটে যানবাহন ওঠানামার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়েও আলোচনা চলছে।

কী-ওয়ার্ড: পদ্মা,ফেরিঘাট,বাসদুর্ঘটনা