রাজধানীর সড়কে চলাচলরত একটি জরাজীর্ণ মিনিবাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ওই বাসটির নিবন্ধন ও রুট পারমিট বাতিল করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি এক মোটরব্লগার ঢাকার একটি সড়কে চলাচলরত বাসটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে যানটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়।
ঘটনাটি সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাসটির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটির নিবন্ধন ও রুট পারমিট বাতিলের পাশাপাশি মালিকপক্ষকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশের সড়কে কোনো ধরনের ফিটনেসবিহীন যানবাহন চলাচলের সুযোগ নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল আলোচিত বা ভাইরাল হওয়া ঘটনার পর ব্যবস্থা নিলেই চলবে না। নিয়মিত নজরদারি, তদারকি ও কঠোর অভিযান পরিচালনার মাধ্যমে ঝুঁকিপূর্ণ যানবাহন সড়ক থেকে সরিয়ে দিতে হবে।
পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের ফিটনেস যাচাই কার্যক্রম আরও জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোর লক্ষ্য রয়েছে।
কী-ওয়ার্ডস: ফিটনেস,মিনিবাস,বিআরটিএ