লাইফলাইন গ্রাহকদের স্বস্তি,বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৪ ২০:১১:১০
image

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার মাত্র এক দিনের মাথায় নিম্ন আয়ের ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। সংস্থাটি আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের ক্ষেত্রে ঘোষিত নতুন মূল্যহার প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য আগের মতোই ৪ টাকা ৬৩ পয়সা থাকবে। একইভাবে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট মূল্য ৫ টাকা ২৬ পয়সাই বহাল থাকবে।
কমিশন জানিয়েছে, আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য যে বর্ধিত মূল্যহার নির্ধারণ করা হয়েছিল, তা কার্যকর করা হচ্ছে না। ফলে পূর্বের হারেই বিদ্যুৎ বিল আদায় করা হবে।
এতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর সম্ভাব্য আয় কিছুটা কমে যাবে। সেই ঘাটতি সরকার অতিরিক্ত ভর্তুকির মাধ্যমে সমন্বয় করবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ৪ দশমিক ৬৩ টাকা এবং শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারের জন্য ৫ দশমিক ২৬ টাকা নির্ধারিত থাকবে।
কমিশন জানিয়েছে, জুন মাসের বিদ্যুৎ বিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

কী-ওয়ার্ডস: বিদ্যুৎ,ভর্তুকি,গ্রাহক