চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর,শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় এক রাখাল, দুই গৃহবধু,এক যুবক,এক কিশোর এবং এক কিশোরি সহ ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(৪জুন) বিকালে জেলায় বজ্রসহ হালকা ঝড়বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন সদরের আতাহার গ্রামের মো.রাব্বিলের ছেলে আবদুল্লাহ(১৭), শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চকনরেন্দ্র গ্রামের দুবাই প্রবাসী আব্দুর রবের স্ত্রী এবং শিবগঞ্জের গেঅয়াবাড়ি গ্রামের এজাবুল আলীর মেয়ে মাহমুদা বেগম(১৯),একই ইউনিয়নের ৯ নং রানীবাড়ি বাজারপাড়া গ্রামের মো. কাশেমের মেয়ে সাদিয়া(১৬), শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের মো. ফিটুর ছেলে মেসবাহুল ওরফে মেসবাবাবুর (১৪) এবং নাচোলের ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লাহাবাড়ি গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমিয়ারা বেগম (৪০) ও নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের মো. শাফিউলের ছেলে হাাসান আলী লালু(২১)। নাচোলের লাাহবাড়ি গ্রামের ঘটনায় আহত হয়েছেন জিয়াউর রহমান(৩৬) নামে এক ব্যাক্তি। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, বিকেলে বাড়ির নিকট মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন আবদুল্লাহ। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, বিকালে বাড়ির নিকট আমবাগানে বজ্রপাতে নিহত হন মাহমুদা। অপরদিকে প্রায় একই সময় সাদিয়াও বাড়ির নিকট আমবাগানে মারা যান। সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিয়াও ঘটনা দুটি নিশ্চিত করেছেন।
অপরদিকে বিকালে বাড়ির অদুরে মোবারকপুরের শিকারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নিকট বজ্রপাতে নিহত হন কিশোর মেসবাবুল। সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক আনসারী ও ইউপি সদস্য জাহির আলিও ঘটনা নিশ্চিত করেছেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে মাঠ থেকে ঘাষ কেটে ফেরার পথে বজ্রপাতে নিহত হন দুসন্তানের জননী সুমিয়ারা। একই সময় আহত হন জিয়াউর। সংম্লিস্ট ইউপি সদস্য আব্দুস সবুর ও গ্রাম পুলিশ নকিব হোসেনও এ ঘটনা নিশ্চিত করেছেন। অপরদিকে বাড়ির অদুরে বাগানে আম কুড়াতে গিয়ে নিহত হন গোসাইপপুরের হাসান আলী লালু।