শি রী ণ বে বী

  • প্রাণহীন জীবন
  • ২০২৬-০৬-০৪ ১৭:২৭:২৪
image

আমাদের কথায় প্রাণ ছিল 
আমরা যখন হাসতাম চারদিকটা হেসে উঠত 
আমাদের সাথে পাখিরা গাইত 
বাতাস দোলা দিয়ে যেত 
বিশ্বাস হলো না বুঝি!

যেখানে প্রাণ থাকে সেখানে চারপাশে প্রাণের খেলা চলে 
নদীতে ঢেউ ওঠে সাগরে জোয়ার ওঠে আকাশে চাঁদ ওঠে দিগন্তে ওঠে কড়কড়ে সূর্য 
প্রাণ তখন হাতের মুঠোয় 
সে সময়টাতে তুমি যা ইচ্ছে তা করতে পার।

যেদিন এ প্রাণ ছুটে যায় 
তখন সবকিছু প্রাণহীন
নদীতে ঢেউ থাকে না সাগরে জোয়ার থাকে না 
পাখিরা গান করে না 
বাতাসে গাছের পাতা দোল খায় না 
সূর্য তখন মেঘের আড়ালে
আর তুমি নিজে 
তুমি নিজেও তখন প্রাণহীন জড় পদার্থ 
হাসছ খেলছ কথা বলছ কিন্তু সবই কেমন শুষ্ক!
জীবন তখন প্রাণহীন।