বিএসইসিতে একযোগে পদত্যাগ,পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৪ ১২:২৭:২৯
image

দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার একযোগে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী কমিশনাররা হলেন— মু. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে, আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসিকে পুনর্গঠন করা হবে। মঙ্গলবার রাজধানীতে অর্থনৈতিক প্রতিবেদক ফোরাম আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সেই ঘোষণার দুদিনের মাথায় কমিশনের শীর্ষ পর্যায়ের এই পদত্যাগের ঘটনা ঘটল।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরে বিভিন্ন সময়ে কমিশনার হিসেবে নিয়োগ পান মু. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ। পরে ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হিসেবে দায়িত্ব পান মো. সাইফুদ্দিন।
চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের খবর প্রকাশের পর পুঁজিবাজারসংশ্লিষ্ট মহলে তাৎক্ষণিক আলোচনা শুরু হয়। অনেক বিনিয়োগকারী মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও আস্থা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। একই দাবিতে সাধারণ বিনিয়োগকারীরাও মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিলেন।

কী-ওয়ার্ডস: বিএসইসি,পদত্যাগ,পুঁজিবাজার