ট্রাম্পের যুদ্ধনীতিতে ধাক্কা,ইরানবিরোধী সামরিক পদক্ষেপ ঠেকাতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-০৪ ১১:১৪:১২
image

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই ভোটাভুটি দেশটির রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং রিপাবলিকান দলের অভ্যন্তরীণ মতভেদের বিষয়টিও সামনে এনেছে।
বুধবার প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ২১৫ এবং বিপক্ষে ২০৮ ভোট পড়ে। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অন্তত চারজন সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রস্তাবটির পক্ষে ভোট দেন।
তবে প্রস্তাবটি কার্যকর হতে হলে এখনো সিনেটের অনুমোদন প্রয়োজন। রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন সিনেটে এটি পাস হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট চাইলে এতে ভেটোও দিতে পারেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত নিয়ে কংগ্রেসের অনেক সদস্য প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কংগ্রেসের সাংবিধানিক ভূমিকা উপেক্ষা করা উচিত নয়।
প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সদস্যরা হলেন টমাস ম্যাসি, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন। এছাড়া ডেমোক্র্যাট সদস্য জ্যারেড গোল্ডেনও এবার যুদ্ধবিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানান।
ভোটের পর টম ব্যারেট বলেন, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত। এ ধরনের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। নিজের দলের অবস্থানের বিপরীতে ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিবেকের তাগিদেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এর দায়ভার নিতেও প্রস্তুত।
এদিকে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস এই ভোটকে ট্রাম্প প্রশাসনের ইরাননীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। তার ভাষ্য, এটি যুদ্ধের পথ থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ সূচনা।
মিকস দাবি করেন, যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পাশাপাশি এই সংঘাত বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণ হয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক উদ্যোগও জটিল হয়ে পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বুধবারের ভোটাভুটি শুধু ইরান ইস্যু নয়, বরং ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে রিপাবলিকান শিবিরের ভেতরে বাড়তে থাকা মতপার্থক্যেরও একটি স্পষ্ট প্রতিফলন।

কী-ওয়ার্ডস: ট্রাম্প,ইরান,কংগ্রেস