চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রেমের সম্পর্ক গড়ে নিজ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর(১৪) এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান(৪৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মিজানুর শহরের শাহীবাগ মহল্লার ইসলাইল হকের ছেলে এবং নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাইস্কুল) ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। বুধবার(৩জুন) বিকাল সাড়ে ৪টার দিকে মিজানুরকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় আনে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, বুধবার(৩জুন) ভূক্তভোগি মেয়ের বাবা সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ওই শিক্ষককে আটক করে। ওই শিক্ষক নিজ বাসভবনে ব্যাচভিত্তিক প্রাইভেট পড়ান। শহরেরই বাসিন্দা ওই মেয়ে তাঁর নিকট প্রাইভেট পড়ত। ওই শিক্ষকের স্ত্রী ও সন্তান রয়েছে।
পুলিশ কর্মকর্তা শাকিল আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। মেয়ের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীণ।