বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন মাইলফলক,খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৩ ১০:৩৭:৪১
image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা, গ্রহণযোগ্যতা ও ক্রমবর্ধমান ভূমিকার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে খলিলুর রহমান বিশ্বব্যাপী বহুপাক্ষিক সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে কার্যকর নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অভিন্ন সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে খলিলুর রহমান দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তিনি বিশ্বাস করেন।
এর আগে মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে সভাপতি পদে জয়লাভ করেন খলিলুর রহমান। নির্বাচনে অংশ নেওয়া ১৯০টি দেশের মধ্যে তিনি ৯৯ ভোট পান। অপরদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস লাভ করেন ৯১ ভোট।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। একই মাসের ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের মূল কার্যক্রম। সেই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এই সাফল্যের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসতে যাচ্ছে বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী।

কী-ওয়ার্ডস:খলিলুর রহমান, জাতিসংঘ, বাংলাদেশ