আন্তর্জাতিক শ্রমনীতি ও শ্রম অধিকারবিষয়ক বৈশ্বিক পরিমণ্ডলে নতুন কূটনৈতিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ দায়িত্ব পালন করবেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান।
মঙ্গলবার জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ব শ্রমব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মেলনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন Juan Castillo। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের নাহিদা সোবহানের পাশাপাশি আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও।
১৮৭টি সদস্য রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশের এই নির্বাচনকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। শ্রমিক অধিকার, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমখাতে সংস্কার কার্যক্রমে বাংলাদেশের অবস্থানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে।
পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি ও শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সক্রিয় ভূমিকার বিষয়টিও এ নির্বাচনের মাধ্যমে নতুন করে গুরুত্ব পেয়েছে।
সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ সদস্য রাষ্ট্র, শ্রমিক সংগঠন ও নিয়োগদাতাদের মধ্যে বিভিন্ন নীতিগত বিষয়ে সমঝোতা গড়ে তোলার কাজে ভূমিকা রাখবে। বিশেষ করে শ্রম অধিকার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করবে দেশটি।
আন্তর্জাতিক শ্রম সম্মেলনকে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে বৈশ্বিক শ্রমখাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। এবার সম্মেলনে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
কী-ওয়ার্ডস: আন্তর্জাতিক শ্রম সম্মেলন,নাহিদা সোবহান,কূটনৈতিক সাফল্য