মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা, হামলা বা হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করবে।
সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি স্পষ্ট যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
তিনি বলেন, গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রের তথ্য জনগণের সামনে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। তাই সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
টেলিভিশন ও সরাসরি সম্প্রচারভিত্তিক সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে জহির উদ্দিন স্বপন বলেন, সরাসরি সম্প্রচারের কারণে তথ্য বিকৃতির সুযোগ অনেক কম থাকে। এ ধরনের গণমাধ্যমের বিকাশ সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্ত্রী আরও জানান, সম্প্রতি সংবাদপত্রের সম্পাদক, মালিকপক্ষ ও সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান সময়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন ধরনের মামলা-মোকদ্দমার পরিস্থিতি সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট-সুনির্দিষ্ট অভিযোগ ও গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া কোনো মূলধারার সাংবাদিককে হয়রানি বা মিথ্যা মামলার মুখোমুখি হতে দেওয়া হবে না। অন্যদিকে, কারও বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ থাকলে প্রচলিত আইন অনুযায়ী বিচার কার্যক্রম চলবে।
সরকারের প্রথম একশ দিনের কর্মকাণ্ডে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার জন্য গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী সাংবাদিক সমাজ এবং দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
কী-ওয়ার্ডস: গণমাধ্যম স্বাধীনতা,সাংবাদিক নিরাপত্তা,শূন্য সহনশীলতা