দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। যদিও এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।
প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪৯৮ জন।
সংক্রমণের চিত্রও উদ্বেগ বাড়াচ্ছে। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৪ জনের শরীরে। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭২ হাজার ৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৭২২ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
কী-ওয়ার্ডস:হাম পরিস্থিতি, স্বাস্থ্য অধিদপ্তর, সংক্রমণ বৃদ্ধি