লি ট ন আ ব্বা স

  • তনুশ্রী ফুল
  • ২০২৬-০৬-০১ ১৩:৫৫:২০
image

ঠিক কী বলব, কী লিখব? অনুভূতি আছে শুধু; ভাষা নেই আজ এই মুহূর্তে...
এই সুরশালার চেনা আঙিনা কেমন যেন অচেনা ঠেকে; কেমন যেন শূন্য লাগে!
চেনা দেয়ালগুলো কেমন যেন দিশেহারা আজ,
বারান্দার রোদ্দুর কেমন যেন আনমনা।
বেগুনি শাড়ির ছবি ভাসে; আবছা-আবছা এক কিশোরীর মুখটি জাগে!
বেগুনি শাড়ি পরে সমবেতভাবে বসে ছিলে শিলাইদহে রবীন্দ্রজয়ন্তীতে,
মুখ নড়ে কোরাসের তালে তালে, সবাই একই রঙা, একই মনা, সকল মননে আনন্দধারা।
হারমোনিয়ামের রিডের তালে তালে তবলার বোল ডুকরে ওঠে অভিমানে;
বসন্তবরণের সেই ছবি সামনে আসে, ভাবতেই ভয় লাগে—তোমার মুখটিই দেখি আগে।
সংগীত বিদ্যালয়ের এককোণে কার্পেটের গায়ে তোমার স্মৃতি বসে থাকে;
তোমার সহপাঠীদের সাথে তোমার জায়গাও আছে মায়ায় জুড়ে।
হারমোনিয়ামের রিডগুলো আজ একেকটি কান্নার সুর, সুরপাঠীদের অন্তর কাঁদে;
কাঁদে তোমার বাবা-মা!
সবাই চেয়ে কাঠের দরজার দিকে; মহড়ায় আজ কারো হাত চলে না, চলে না সুরসাধা;
অপেক্ষায় আছে সবাই—কখন তুমি চঞ্চল পায়ে ফিরে আসো!
আর ওদিকে... তোমার সেই শূন্য ঘরে, মা আর বাবা আজ দুটো জীবন্ত পাথর!
রবীন্দ্রজয়ন্তীতে না পরা সেই বেগুনি শাড়িটা আজ আলনাতে নয়; বাবা-মায়ের পাঁজরে ঝুলছে যেন!
মা ওটার সুতোয় সুতোয় তোমার গায়ের গন্ধ খোঁজে, ডুকরে ডুকরে কাঁদে;
বাবা শাড়িটির দিকে তাকাতেই পারে না, তাকালেই হিম হয়ে যায় বুক!
যেই মা প্রত্যেক অনুষ্ঠানে তোমার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকত;
আজ সেই মাকে একলা ফেলে তুমি কোন অচিন মেঘের দেশে ডানা মেললে মা!
আমরা সবাই ব্যথিত; বেদনাভরা বিদ্যালয়ে শুধু হারানোর সুর;
সংগীত বিদ্যালয়ের প্রতিটি ধুলোকণায় তুমি মিশে আছো মায়ার ফুল হয়ে।
তুমি যেখানেই থাকো তনুশ্রী, এই ব্যথিত সুরশালায় গান হয়েই থেকো;
কবিতা হয়ে না হয় থেকো মুখে মুখে;
আঙিনার নীল, লাল, হলুদ, সাদা ফুল হয়ে ফুটো; বেগুনি শাড়িতে শূন্যতা পূরণের ওম দিয়ে যেও।
এই চেনা আঙিনাজুড়ে কেবল বেগুনি ফুল ফুটেছে তনুশ্রী, বেগুনি ফুল দেখতে পাচ্ছ কি?
নাকি গড়াইয়ের বিষাক্ত জলে বিষাদের নদী হয়ে কড়া নাড়ছ?
এই বেগুনি শাড়ির ভাঁজে ভাঁজে কান্নার ফুল হয়েই তুমি থেকো;
এই সান্ত্বনা তনুশ্রী! বেগুনি ফুল ফুটুক সুরশালায় প্রত্যেক হৃদয় জুড়ে।
তোমার স্মৃতি ধরে রেখেই সুরশালায় 'তনুশ্রী ফুল' ফুটুক, তুমি ভালো থেকো ওপারে;
ভালো থেকো...!
বেগুনি শাড়ির ভাঁজে কাঁদুক বাবা-মা,
তুমি আমাদের তনুশ্রী ফুল হয়ে ফুটে থেকো।