নদীর ভাষা নদীর মতো
আষাঢ় আর শাওনে,
মাঠের ভাষা মাঠের মতো
ধান আর কাওনে।
হাওয়ার ভাষা হাওয়ার মতো
গ্রীষ্ম,বর্ষা, শীতে,
পাখির ভাষা পাখির মতো
ছন্দ-সুরে-গীতে।
গুন-গুন-গুন অলির ভাষা
বেড়ায় ফুলে-ফুলে,
ঢেউয়ের কানে নায়ের ভাষা
চলে হেলেদুলে।
আমার ভাষা আমার মতো
কাব্য কবিতায়,
আমার ভাষা বাংলা ভাষা
মায়ের মমতায়।
সবার সাথেই মিশে আছে
বাংলা ভাষার গন্ধ,
তাইতো সাগর-নদীর বুকে
মিষ্টি-মধুর ছন্দ ।