হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজারের বেশি হাজি,চলবে ফিরতি ফ্লাইট মাসজুড়ে

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৬-০১ ১৩:৪৪:৩৪
image

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হজযাত্রী দেশে পৌঁছেছেন।
রোববার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক পর্ব শেষ হয় ২৬ জুন। এরপর ধাপে ধাপে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা।
হজ-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি বিমান সংস্থা ফিরতি হজযাত্রী পরিবহনের দায়িত্ব পালন করছে। এর মধ্যে বাংলাদেশ বিমান পরিচালনা করেছে ৩টি ফ্লাইট, সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট।
হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেছেন।
এদিকে হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। মৃতদের মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় ইন্তেকাল করেন।
চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। যাত্রা কার্যক্রম শেষ হয় ২১ মে।
অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত দেশে ফেরার এই কার্যক্রম চলবে। হজ মৌসুম শেষ করে অবশিষ্ট হাজিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে।

কী-ওয়ার্ডস: হজযাত্রী,ফিরতি ফ্লাইট,সৌদি আরব