বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিদিনই আমাদের দলের প্রায় সবাইকে মামলার হাজিরা দিতে আদালতে যেতে হয়। আমি ক্ষুদ্র একজন মানুষ। আমার বিরুদ্ধেও ৯৮টা মামলা আছে। সেঞ্চুরি হতে আর মাত্র দুটি মামলা বাকি আছে।
রাজধানীর লেক শোর হোটেলে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত ‘কারেন্ট স্টেট অব জুডিশিয়ারি: এ টুল টু অপরেস অপজিশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি।
ফখরুল বলেন, সরকার যতই উল্টাপাল্টা করুক, কোনো লাভ হবে না। সাধারণ মানুষের বিজয় সুনিশ্চিত। মানুষ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না তারা।
বিএনপির এ নেতা বলেন, আজকে পুলিশ রাজনীতিবিদের মতো কথা বলেন। সরকার বিচারব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করে ফেলেছে। এমনিভাবে সব জায়গায় জবরদখল প্রতিষ্ঠা করেছে সরকার। লক্ষ্য একটাই, ভিন্ন কায়দায় বাকশাল প্রতিষ্ঠা করা।
ফখরুল বলেন, ‘যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ। বর্তমান সরকারকে বিদায় নিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, যেখানে মানুষ ভোট দিতে পারে।’
তার মতে, এ অবস্থায় সবার দায়িত্ব হচ্ছে একজোট হওয়া। সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বিদায় জানানোর আহ্বান জানান মির্জা ফখরুল।