চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসলে নেমে আপন চাচাতো ভাই দুই কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃতরা হল নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক লাভাঙ্গা ফুদকিপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে আবদুল্লাহ আল সাফি(১৫) এবং জালালের ভাই কামাল উদ্দীনের ছেলে আহমেদ জুবায়ের(১৪)। এ ঘটনায় প্রাণে রক্ষা পায় কামালের অপর ছেলে আবির আবদুল্লাহ(১০) এবং কামাল-জালালের অপরভাই বাবুল আক্তরের ছেলে শুভ(৮)। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার(৩১মে) সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জের ছত্রজিতপুর ইউনিয়নের বহলাবাািড় ঘাটে নিজের দুই ছেলে এবং দুই ভাইয়ের দুই ছেলে সহ চার শিশুকে সাঁতার কাটা শেখাতে ও গোসল করাতে নিয়ে যান দিনাজপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে কর্মরত কামাল। এ সময় দৌড়াদুড়ি করে পানিতে নেমে ডুবে যায় সাফি ও জুবায়ের। অন্য দুই শিশুও ডুবে যাবার উপক্রম হয়। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে চার শিশুকে উদ্ধার করলেও সাফি ও জুবায়ের মারা যায়। জুবায়ের দিনাজপুর জিলা স্কুলের ৮ম শ্রেনীর ও সাফি শিবগঞ্জের রানীহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল। কামাল পরিবার নিয়ে ঈদ উপলক্ষে দেশের বাড়িতে এসেছিলেন বলেও পরিবার সূত্রে জানা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।