জিয়ার আদর্শ নতুন প্রজন্মের প্রেরণা হয়ে থাকবে: রাষ্ট্রপতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-৩০ ১৪:১০:১৮
image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তাঁর সাদামাটা জীবনযাপন, সততা, দেশপ্রেম এবং দূরদর্শী নেতৃত্ব জাতির স্মৃতিতে দীর্ঘদিন উজ্জ্বল হয়ে থাকবে।
শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন, আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের চিন্তা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
রাষ্ট্রপতি স্মরণ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়াউর রহমান নিহত হন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের একজন সাহসী সেনানায়ক থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়া এই নেতার অবদান বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।
বাণীতে তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে স্বাধীনতার পক্ষে তাঁর আহ্বান জাতিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।
রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় রাজনৈতিক চর্চার পথ সুগম করেন এবং মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্প্রসারণে উদ্যোগ নেন। একই সঙ্গে জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় পরিচয়ের ভিত্তি সুদৃঢ় করার চেষ্টা চালান।
তিনি আরও বলেন, কৃষি, শিল্প, রপ্তানি, বিনিয়োগ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে জিয়াউর রহমান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি দেশের উৎপাদনমুখী অর্থনীতি ও স্বনির্ভর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ রূপরেখা হিসেবে বিবেচিত হয়।
আন্তর্জাতিক পর্যায়েও তাঁর ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় তিনি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নতুন শ্রমবাজার তৈরিতে তাঁর অবদান উল্লেখযোগ্য।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনের সময়কাল দীর্ঘ না হলেও জিয়াউর রহমান দেশপ্রেম, সততা, দূরদর্শিতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

কী-ওয়ার্ডস: জিয়াউর রহমান,রাষ্ট্রপতি,শাহাদাতবার্ষিকী