বুশেহরে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের,নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-২৯ ১০:১৩:১০
image

মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। এবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর উপকূল এলাকায় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ঘটনাকে কেন্দ্র করে পারস্য উপসাগরজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী সন্দেহজনক একটি ড্রোন শনাক্ত করার পর সেটিকে লক্ষ্য করে হামলা চালায়। পরে ড্রোনটি ভূপাতিত করা হয়। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ইরানের সামরিক সূত্রের দাবি, ড্রোনটি দেশটির আকাশসীমার কাছাকাছি নজরদারি চালাচ্ছিল। দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে ধ্বংস করা হয়। তবে ড্রোনটি যুক্তরাষ্ট্রের কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওয়াশিংটন।
বুশেহর জেলার প্রশাসক মাসুদ তাঙ্গেসতানি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো কারণ নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কৌশলগত দিক থেকে বুশেহর ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানেই দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। পাশাপাশি পারস্য উপসাগরের তীরবর্তী হওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
একই দিনে ইরানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবরও প্রকাশ করেছে তাসনিম নিউজ। যদিও কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, ইয়েমেন পরিস্থিতি এবং হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ আবারও তীব্র হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।
এদিকে নতুন করে সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

কী-ওয়ার্ডস: ইরান,মার্কিন ড্রোন,মধ্যপ্রাচ্য