ঈদের দিনে গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঝরল ৫ প্রাণ

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • ২০২৬-০৫-২৮ ২১:৪০:০৩
image

পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেই গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের তিন যাত্রী রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কজুড়ে আতঙ্ক ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিয়ামুল হুদা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদযাত্রার সময়ে অতিরিক্ত গতি, ক্লান্ত চালক ও মহাসড়কে বেপরোয়া যান চলাচলকে ঘিরে আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুতগতির যান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।


কী-ওয়ার্ডস: গোপালগঞ্জ, সড়ক দুর্ঘটনা, নিহত