ত্যাগ,সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-২৭ ২২:৩৮:৫৭
image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার দেওয়া এক বাণীতে তিনি আশা প্রকাশ করেন, পবিত্র এই উৎসব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে।
রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। মানুষের অন্তরের হিংসা, বিদ্বেষ ও পশুত্বকে পরিহার করে ন্যায়, সহমর্মিতা ও সৌহার্দ্যের পথে চলার শিক্ষা দেয় এই উৎসব।
তিনি হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের ইতিহাস স্মরণ করে বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হওয়ার মধ্য দিয়ে তিনি মানবজাতির সামনে অবিচল বিশ্বাস ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই শিক্ষা আজও মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে।
রাষ্ট্রপতি সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির আনন্দ দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও প্রান্তিক মানুষের মাঝে কোরবানির মাংস বণ্টনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ঈদুল আজহার সময় নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। একটি স্বাস্থ্যসম্মত ও সচেতন সমাজ গঠনে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিভেদ নয় সম্প্রীতি, হিংসা নয় সৌহার্দ্য এবং স্বার্থপরতা নয় উদারতার চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বাণীর শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সবার কোরবানি কবুল হওয়ার জন্য দোয়া করেন।

কী-ওয়ার্ডস: রাষ্ট্রপতি,ঈদুল আজহা,কোরবানি