যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও দক্ষিণ লেবাননে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবারের একাধিক বিমান ও স্থল হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও জনপদে একযোগে হামলা চালানো হয়। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে টায়ারের কাছে বুর্জ আল-শামালি এলাকায়। এছাড়া নাবাতিয়েহ, মারাকেহ, হাব্বুশ ও সালা শহরেও হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র বলছে, হামলার আগে কিছু এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেয় ইসরাইলি বাহিনী। এরপরই শুরু হয় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ। নাবাতিয়েহ শহরের আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েকটি আবাসিক এলাকা ও হাসপাতালের আশপাশেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি সরকারি হাসপাতালের নিকটবর্তী স্থানে হামলায় চিকিৎসাসেবার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণাঞ্চলের জাওতার আল-শারকিয়াহ এলাকায় প্রবেশের চেষ্টা করা ইসরাইলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলাও চালিয়েছে।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে অভিযান আরও বিস্তৃত করা হয়েছে। দক্ষিণ লেবাননে ঘোষিত নিরাপত্তা বলয়ের বাইরেও সেনা অভিযান চালানো হচ্ছে বলে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন।
পূর্ব লেবাননের মাশঘারা শহরেও নতুন করে হামলার ঘটনা ঘটেছে। সেখানে নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপ সরাতে গিয়ে উদ্ধারকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে কারাউন বাঁধসংলগ্ন এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ওই বাঁধ ক্ষতিগ্রস্ত হলে ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় তৈরি হতে পারে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে লেবাননের আকাশসীমা লঙ্ঘন, গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের জীবন এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে পড়েছে।
কী-ওয়ার্ডস: লেবানন,হামলা,হিজবুল্লাহ