হামলার ছায়ায় কাতার বৈঠক, ইরান নিয়ে এখনো সমঝোতার আশা ওয়াশিংটনের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-২৬ ১০:৪৯:২৫
image

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাতারে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং সম্ভাব্য একটি সমঝোতা নিয়ে এখনো কাজ এগিয়ে যাচ্ছে।
রুবিও জানান, 'আজ কাতারে কিছু আলোচনা হয়েছে। আমরা দেখতে চাই এখান থেকে কোনো অগ্রগতি সম্ভব কি না। বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।'
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কার্যকর সমঝোতা চান। “তিনি হয় ভালো সমঝোতা করবেন, নয়তো কোনো সমঝোতাই হবে না।”
ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই সোমবার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার কাজে ব্যবহৃত দ্রুতগতির নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাতারের দোহায় নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা পৌঁছানোর পরপরই এই হামলার ঘটনা ঘটে। ফলে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক আলোচনা-দুই পরিস্থিতিই এখন সমান্তরালভাবে চলছে।
এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত নিয়ন্ত্রণে রেখেছে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালি প্রসঙ্গে রুবিও বলেন,“এই নৌপথ অবশ্যই খোলা থাকতে হবে। যেকোনো উপায়ে এটি সচল রাখা হবে। সেখানে যা ঘটছে, তা অবৈধ এবং বিশ্বের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয়।”

সূত্র: The New York Times

কী-ওয়ার্ডস: ইরান সংকট,কাতার আলোচনা,হরমুজ উত্তেজনা