সোনার খনিতে মৃত্যুপুরী, অ্যাঙ্গোলায় ধসে নিহত ২৮ শ্রমিক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-২৫ ২৩:৫৫:৩৭
image

মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১৩ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার রাজধানী লুয়ান্ডা থেকে উত্তর-পূর্বাঞ্চলের বেঙ্গো প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খনির ভেতরে কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন।
পুলিশ সূত্র জানিয়েছে, নিহতদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও অধিকাংশ শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশের মুখপাত্র গ্যাসপার লুইস ইনাসিও বলেন, এখনো অন্তত দুজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে টানা অভিযান চলছে।
এ ঘটনায় আহত কয়েকজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন অন্তত তিনজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
স্থানীয়দের অভিযোগ, খনিতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। খনিশ্রমিকদের জীবনরক্ষায় কঠোর তদারকি ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি